আইপিএলের গত আসরে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস টুর্নামেন্ট শেষ করেছে এলিমেনেটর পর্ব খেলে চতুর্থ অবস্থানে থেকে। রাজস্থান টুর্নামেন্টে শতভাগ সফল না হলেও মোটামুটিভাবে সফল ছিল তা বলাই যায়। অন্যদিকে ক্যালেন্ডারের পাতা পরিবর্তনের সাথে সাথে আরও একটি নতুন সিজন শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা টি-২০ ঘরোয়া আসর আইপিএলের।
অন্যদিকে আইপিএলের আগামী আসরকে কেন্দ্র করে ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলো তাঁদের খেলোয়াড়দের ধরে রাখার পাশাপাশি নিলামের জন্য দল থেকে ছেড়েও দিয়েছে ক্রিকেটারদের। খেলোয়াড় ছেড়ে দেয়ার মিছিলে যথারীতি যোগ দিয়েছে রাজস্থানও। ছয় বিদেশি ও চার দেশি ক্রিকেটারকে দল থেকে মুক্তি দিয়েছে দলটি। পেস বোলিং লাইনআপ, লোয়ার অর্ডারে ব্যাটিং, ওপেনিং জুটি সব মিলিয়ে যে শূন্যতা বিরাজ করছে দলটিতে সেই কোটা পূরণে সব দল থেকে মুক্তি পাওয়া ক্রিকেটারদের মধ্যে নিলাম থেকে খেলোয়াড় দলে ভেড়াতে হবে রাজস্থানকে।
এবার দেখে নেওয়া যাক যে পাঁচজন ক্রিকেটার নিলামে যাদের উপর নজর রাখতে পারে রাজস্থান রয়্যালস
১. অ্যালেক্স হেলস

আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে ২০১৯ আসরের জন্য ছেড়ে দিয়েছে দলটি। গত আসরে হায়দ্রাবাদের জার্সি গায়ে ছয়টি ম্যাচ খেলে ২৪.৬৬ গড়ে ১২৫.৪২ স্ট্রাইক রেটে ১৪৮ রান করেছেন হেলস।
তবে হেলসকে শুধু আইপিএলের পারফরম্যান্স দিয়ে বিবেচনা না করে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের দিকে তাকালেই স্বস্তি পাওয়া যাবে। টি-২০ ক্রিকেটে ইংল্যান্ডের নিয়মিত সদস্য হেলসকে যদি রাজস্থান দলে ভেড়াতে পারে তাহলে তাঁর স্বদেশী বাটলারের সাথে রসায়ন জমেই যেতে পারে। তাই রাজস্থান নিলামে হেলসের দিকে বাড়তি নজর দিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারে।
২. কার্লোস ব্র্যাথওয়েট

২০১৬ টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলা অলরাউন্ডার ব্র্যাথওয়েট বিশ্বের টি-২০ লিগগুলোতে বেশ জনপ্রিয় নাম। আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা ব্র্যাথওয়েটকে নিলামের জন্য ছেড়ে দিয়েছে দলটি। হায়দ্রাবাদের হয়ে গত আসরে মাত্র চারটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন এই ক্যারিবিয়ান। চার ম্যাচে ব্যাট হাতে ১৫৬.২৫ স্ট্রাইক রেটে সর্বমোট ৭৫ রান এর পাশাপাশি বল হাতেও ৫ উইকেট নিয়েছেন তিনি। তাই আগামী নিলামে ব্র্যাথওয়েটের উপর আস্থা রাখতেই পারে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি।
৩. মহম্মদ শামি

আইপিএলে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা দল দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে গত আসরে খেলা পেসার মোহাম্মদ শামিকে এবার নিলামের জন্য উন্মুক্ত করে দিয়েছে দলটি। রাজস্থান নিলাম থেকে নিজেদের দলে ভেড়াতে পারে ডানহাতি এই পেসারকে। যদিও সাম্প্রতিক সময়ে জাতীয় দলে জায়গা নড়বড়ে হয়ে আছে শামির কিন্তু দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে একজন দেশীয় পেসার হিসেবে বিশেষ ভূমিকা পালন করতে পারেন অভিজ্ঞ শামি।
৪. ব্র্যান্ডন ম্যাককালাম

দীর্ঘদিন কিউই ক্রিকেটের নেতৃত্ব দান করা ওপেনিং ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককালামকে নিলামের আগে ছেড়ে দিয়েছে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর। আইপিএলের আগামী আসরে রাজস্থানের ওপেনিং ব্যাটসম্যান জস বাটলার শেষের দিকে আন্তর্জাতিক ক্রিকেটের টানে আইপিএল থেকে চলে গেলে ব্যাকআপ ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বেশ কার্যকর হতে পারেন ম্যাককালাম। অন্যদিকে অতিতে আইপিএলে তাঁর পারফরম্যান্স বিচার করলেও রাজস্থান তাঁকে বেশ এগিয়েই রাখতে পারে।
৫. অক্ষর প্যাটেল

গত পাঁচ বছর ধরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠ মাতানো অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে মুক্তি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাই আগামী নিলামে অক্ষরকে চুক্তিবদ্ধ করতে পারে রাজস্থান। বাঁহাতি এই অলরাউন্ডারকে যদি রাজস্থান তাঁদের দলের অনর্ভূক্ত করতে পারে তাহলে স্পিন বিভাগের দুর্বলতা দূর হবার পাশাপাশি ব্যাটিংয়ের দিক থেকেও সফলতা পেতে পারে দলটি।
from bengali.sportzwiki.com https://ift.tt/2zXKtbS

No comments:
Post a Comment