সারা বিশ্বে চলা ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের টি-২০ লিগগুলো থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। ক্রিকেটের নামীদামী সব তারকাদের মেলা বসার এই আসরে ক্রিকেটাররাও পকেটে পুরে থাকেন কাঁচা পয়সা।
অন্যদিকে ভক্তকুলেরও আগ্রহের কমতি নেই এই লিগকে কেন্দ্র করে। দুই বছর নিষিদ্ধ থাকার পর রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের প্রত্যাবর্তনে আইপিএল যেন ফিরে পেয়েছে তার জৌলুস। ২০০৮ সালে শুরু হওয়া এই আসর দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।
আগামী ২০১৯ আসরে যে তিনটি কারণে আইপিএল পূর্ববর্তী আসরগুলো থেকে সফল নাও হতে পারে সেগুলোর দিকে একটু নজর দেওয়া যাক।
৩. বিরাট কোহলির বিশ্রাম

সম্প্রতি টিম মিটিংয়ে আগামী বিশ্বকাপের চিন্তা মাথায় রেখে আইপিএল থেকে বিশ্রাম চেয়েছেন কোহলি। লম্বা সময় ধরে চলা আইপিএলের আসরে বিরাট কোহলি ক্রিকেট খেলে গেলে ইনজুরিতে পড়ার শঙ্কা রয়েছে। তাই ফিটনেসের ব্যাপারে সর্বদাই সতর্ক থাকা কোহলি জাতীয় দলের স্বার্থে বিশ্রাম চাচ্ছেন।
অন্যদিকে কোহলির এই আহ্বানে সায় দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়ার মত তারকা ক্রিকেটারদেরকেও আইপিএলের সব ম্যাচ খেলা থেকে বিরত রাখতে পারে বোর্ড। টিম ম্যানেজমেন্টের এই পরিকল্পনা বাস্তবায়ন এখন কেবল সময়ের ব্যাপার।
২. বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতি

আইপিএল ২০১৯ আসরের সমাপ্তির পরক্ষণেই শুরু হয়ে যাবে ক্রিকেট বিশ্বকাপের আসর। ক্রিকেটের বিশ্ব আসরকে কেন্দ্র করে প্রতিটি দলই তাঁদের সেরা ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখা থেকে শুরু করে সার্বিক দিক পর্যবেক্ষনে রাখবে। আর আইপিএলের লম্বা সূচী শেষ করার আগেই বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো তাঁদের প্রস্তুতি ক্যাম্প শুরু করে দেয়ার পরিকল্পনা রাখার ফলে বিদেশি ক্রিকেটারের সিংহ ভাগই জাতীয় দলের টানে পারি জমাবে ক্যাম্পে।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি ইতোমধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছে মে মাসে পাকিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের কারণে বাইরে খেলতে পারবে না ক্রিকেটাররা। অস্ট্রেলিয়াও হেঁটেছে ইংল্যান্ডের দেখানো পথে। তাই এই দুই দেশের ক্রিকেটারদের অধিকাংশকেই ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো।
ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে যদি এই তালিকায় যুক্ত হয় দক্ষিণ আফ্রিকার নাম তাহলে অবাক হবার কিছুই থাকবে না। কেননা ইংল্যান্ডের বিপক্ষে আফ্রিকানদের ম্যাচ দিয়েই ৩০ মে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের আসর।
১. ভারতের বাইরে অনুষ্ঠিত হবে আইপিএল

ভারতের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার কথা মাথায় রেখেই মূলত আইপিএলের ২০১৯ আসর সরিয়ে নেয়া হচ্ছে ভিন্ন দেশে। যা টুর্নামেন্টের জন্য আরও একটি নেতিবাচক দিক হতে পারে। আইপিএলের প্রথম পর্ব কোথায় অনুষ্ঠিত হবে সে ব্যাপের চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও সম্ভাব্য জায়গার মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত।
দেশের বাইরে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার ফলে স্পনসরশীপ থেকে বিপুল পরিমাণ অর্থ হারাতে পারে আইপিএল আয়োজক কমিটি। অন্যদিকে দর্শক খরা থাকবে মাঠে তা জলের মতই পরিষ্কার। পাশাপাশি আইপিএল যখন আবার ভারতে ফিরবে তখন গুরুত্বপূর্ণ অনেক ক্রিকেটারকে না পাওয়ার শঙ্কাতো রয়েছেই।
সব মিলিয়ে আইপিএলের আগামী আসর শতভাগ সফল হওয়া নিয়ে কপালে কিছুটা চিন্তার ভাঁজ রয়েছে সংশ্লিষ্টদের।
from bengali.sportzwiki.com https://ift.tt/2zHmsXu

No comments:
Post a Comment