হার্দিক রাহুলের ‘কফি উইথ করণ’ পর্ব এখন অতীত। দুই খেলোয়াড়ই নির্বাসন এবং তদন্ত শেষে ফিরে এসেছেন দলে। ‘কফি উইথ করণ’ টক শোয়ে মহিলাদের প্রতি অভদ্র মন্তব্য করায় দেশ জুড়ে সমালোচিত হতে হয়েছিল হার্দিক রাহুলকে। তবে এই মুহূর্তে এই দুই খেলোয়াড় পাশে পেলেন ভারতীয় দলের জোরে বোলার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানকে। তিনি এই দুজনকে সরাসরি বোর্ডের নির্বাসন দেওয়ার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম এবেলা.ইনকে দেওয়া একটি সাক্ষাতকারে হাসিন জানান, ‘‘হার্দিক-রাহুলদের সাসপেন্ড করে বোর্ড কী বোঝাতে চাইল? হার্দিকদের বিরুদ্ধে তো কোনও মহিলা অভিযোগ করেনি। নিজের মতটার কথা সোজাসুজি বলেছিল। এমন কথা বলার জন্য ওদের নির্বাসনে কেন পাঠানো হল? বাস্তব কথাটা ওরা সোজাসুজি বলেছিল। তাহলে সামির ক্ষেত্রে হল না কেন!’’

রাহুল-হার্দিকের নির্বাসনের প্রসঙ্গে তিনি টেনে এনেছেন ভারতীয় দলের জোরে বোলার মহম্মদ শামির প্রসঙ্গও। তার অভিযোগ, “হার্দিক-রাহুলের বিরুদ্ধে কোনও মহিলা অভিযোগ না আনা সত্ত্বেও তাঁদের সাসপেণ্ড হতে হয়। তবে শামির ক্ষেত্রে সেটা করা হল না কেন! এখন ক্রিকেটার যখন খারাপ কাজ করেছে সেটা আমি তুলে ধরেছিলাম। কিন্তু অর্থ, প্রতিপত্তির কাছে হার মানতে হয়েছে আমাকে। আমাকে বদনাম পর্যন্ত করা হয়েছে। আমি আইনত শামির বৈধ স্ত্রী হয়ে বধূ নির্যাতন, অবৈধ সম্পর্কের অভিযোগ করেছি, তার প্রমানও দিয়েছি। কিন্তু তা সত্ত্বেও বোর্ড শামিকে নিষিদ্ধ করেনি”।

সরাসরি বোর্ডের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এই প্রাক্তন মডেল। তার দাবী, “দিল্লিতে গিয়ে বোর্ড প্রেসিডেন্টের কাছে শামির বিরুদ্ধে চলা তদন্তের রিপোর্ট চেয়েছিলাম। কিন্তু উনি তা আমাকে দিতে সরাসরি অস্বীকার করেছেন। ম্যাচ ফিক্সিং হোক বা আলিশবার সঙ্গে শামির অবৈধ সম্পর্ক, এমনকী মহম্মদ ভাই কে তার তো ঠিক করে তদন্তই হল না। আর শামিকে সরাসরি ক্লীন চিট দিয়ে দেওয়া হল। বোর্ড শামির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিল না”। তবে তার দাবী তিনি শামির বিরুদ্ধে তার লড়াইয়ের শেষ দেখে ছাড়বেন।

তিনি বোর্ডের দিকে আঙুল তুলে বলেছেন, “শামি, আমার আর আমার মেয়ের জীবনটাই শেষ করে দিল। বোর্ডের মেম্বাররা কি ধোয়া তুলসি পাতা”? যদিও এ নিয়ে শামির দিক থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মুহূর্তে শামি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখন এটাই দেখার যে এই জোরে বোলারের স্ত্রীয়ের আগামি পদক্ষেপ কি হতে চলেছে।
from bengali.sportzwiki.com https://ift.tt/2BK84Pb

No comments:
Post a Comment